দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যৌন নিপীড়নের মামলায় হলিউডের সাবেক প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাবেক সহকারী মিমি হ্যালিকে যৌন নিপীড়নের অভিযোগে গত বছর পুনর্বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার এই সাজা ঘোষণা করা হয়।
আদালতে দেওয়া ভুক্তভোগীর বক্তব্যে মিমি হ্যালি বলেন, ওই ঘটনার কারণে তার জীবন ও নিরাপত্তাবোধের ওপর ‘বিধ্বংসী প্রভাব’ পড়েছে, যা হয়তো কখনোই দূর হবে না।
হুইলচেয়ারে করে আদালতে হাজির হওয়া ৭৪ বছর বয়সী ওয়াইনস্টিন অভিযোগ অস্বীকার করেন। তবে নিজের কর্মকাণ্ডে যাদের ক্ষতি হয়ে থাকতে পারে, তাদের কাছে তিনি ক্ষমা চান।
ওয়াইনস্টিন ইতোমধ্যে নিউইয়র্কে কয়েক বছর কারাগারে কাটিয়েছেন। সেখানে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে তার তিনটি বিচার হয়েছে। আলাদা একটি যৌন অপরাধের মামলায় ক্যালিফোর্নিয়াতেও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
মিমি হ্যালির মামলায় এ নিয়ে দ্বিতীয়বার সাজা পেলেন ওয়াইনস্টিন। ২০২০ সালে তিনি প্রথমবার দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছিলেন। তবে ২০২৪ সালে নিউইয়র্কের সর্বোচ্চ আদালত ওই রায় বাতিল করেন। একই সঙ্গে অভিনেত্রী জেসিকা ম্যানকে ঘিরে আরেকটি মামলার রায়ও বাতিল করা হয়। আদালত বলেছিলেন, ওয়াইনস্টিন ন্যায়সংগত বিচার পাননি।
এরপর গত বছর মামলাটির পুনর্বিচার হয়। এতে হ্যালির বিরুদ্ধে অপরাধমূলক যৌন কর্মকাণ্ডের একটি অভিযোগে ওয়াইনস্টিন আবারও দোষী সাব্যস্ত হন।
বর্তমানে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালের কারা ওয়ার্ডে রাখা হয়েছে ওয়াইনস্টিনকে। কারাবন্দি অবস্থায় বিভিন্ন শারীরিক সমস্যার কথা জানানো হয়েছে।
একসময় মিরাম্যাক্স স্টুডিওর প্রভাবশালী প্রযোজক ছিলেন ওয়াইনস্টিন। ‘শেকসপিয়ার ইন লাভ’-এর মতো চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত এই প্রযোজকের বিরুদ্ধে ২০১৭ সালে দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য নিউ ইয়র্কার-এ কয়েক দশক ধরে একাধিক নারীর যৌন নিপীড়নের অভিযোগ প্রকাশিত হলে তার ক্যারিয়ারের পতন শুরু হয়। এসব অভিযোগ পরবর্তীতে #MeToo আন্দোলনকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ভূমিকা রাখে।
২০২০ সালের বিচারে হ্যালি সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ২০০৬ সালে ম্যানহাটনে ওয়াইনস্টিনের অ্যাপার্টমেন্টের একটি কক্ষে তাকে যৌন নিপীড়ন করা হয়। সে সময় তিনি ‘প্রজেক্ট রানওয়ে’ টেলিভিশন সিরিজে প্রযোজনা সহকারী হিসেবে কাজ করছিলেন।
অভিনেত্রী জেসিকা ম্যানকে ঘিরে অভিযোগের বিষয়ে বিচারকদের সিদ্ধান্তে ঐকমত্য হয়নি। আর মডেল কাজা সোকোলাকে ঘিরে আরেকটি অভিযোগে ওয়াইনস্টিন খালাস পান।
গত বছর পুনর্বিচারে সাক্ষ্য দেওয়ার পর হ্যালি বলেন, সত্যের পক্ষে দাঁড়ানোর প্রয়োজন থেকেই তিনি সাক্ষ্য দিয়েছেন।
এদিকে ক্যালিফোর্নিয়ায় ২০১৩ সালে একটি হোটেল কক্ষে এক অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় ২০২২ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ওয়াইনস্টিন। ওই মামলায় তার সাজা এখনো ঘোষণা হয়নি। নিউইয়র্কের আগের দণ্ড বাতিল হওয়ার পর আপিল আদালত ক্যালিফোর্নিয়ার মামলায় নতুন করে সাজা নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
ওয়াইনস্টিন শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি দাবি করেছেন, শেষ পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হবেন।
বুধবার ১৫ বছরের সাজা ঘোষণার সময় বিচারক কার্টিস ফারবার ওয়াইনস্টিনের সমালোচনা করে বলেন, ‘আপনি জোর করে যা চেয়েছেন, তা নিয়েছেন এবং কখনোই দায় স্বীকার করেননি।’
/অ